গুগল ডুডলে থার্টি ফাস্ট উদযাপন

৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:২২  

২০২৩ বিদায় বেলায় গুগলের ডুডলে দেখা যাচ্ছে নতুন এক থিম। ২০২৪ সালকে স্বাগত জানাতে চেয়ে আজ নতুন একটি ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট। কোনো কিছু খোঁজার জন্য আজ সারাদিন গুগলে ঢুকলেই চোখে পড়বে ডুডলের ডিসকো বল। ডুডলে আরও আছে নানা রং। আলো, পার্টি, উৎসবের আবহে এই বছরকে বিদায় জানাতেই এই ডুডল প্রকাশ গুগলের।

আজকের ডুডল প্রসঙ্গে গুগল বলেছে, ‘৩... ২... ১... শুভ নববর্ষ! এই ডুডল নতুন বছরের শুরুর দিকে কিছু চাকচিক্ক নিয়ে আসবে। ঘড়ির কাটা ধীরে ধীরে যত মধ্যরাতের দিকে এগোচ্ছে, গোটা বিশ্ব জুড়ে ততই পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। নতুন বছরের রেজোলিউশন কী হবে, ভালোবাসার মানুষদের কী বার্তা পাঠানো যায়, কীভাবে এই আনন্দের মুহূর্ত উদযাপন করা যাবে।’

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ ২০২৩ সালের শেষ দিনেও দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।